ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঘণ্টায় চুরি হচ্ছিল ১২ হাজার ঘনফুট গ্যাস, অভিযানে সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৩:০৭ পিএম
প্যাটার্ন ফিনিশিং কারাখানায় অভিযান। ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ‘প্যাটার্ন ফিনিশিং’ নামে একটি ডাইং কারখানায় অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। কারখানাটিতে প্রতি ঘণ্টায় প্রায় ১২ হাজার ঘনফুট গ্যাস অবৈধভাবে ব্যবহার বা চুরি করা হচ্ছিল।

রোববার (২৬ এপ্রিল) সকালে রেললাইন বটতলা এলাকায় তিতাসের একটি উচ্চপর্যায়ের ভিজিল্যান্স টিম এই অভিযান পরিচালনা করে। 

তিতাস সূত্র জানিয়েছে, আমজাদ হোসেন মোল্লার নামে বরাদ্দকৃত এই গ্যাস সংযোগটি বর্তমানে ভাড়াটিয়া মালিকানায় পরিচালিত হয়ে আসছিল।

অভিযানের নেতৃত্ব দেওয়া তিতাসের ডেপুটি জেনারেল ম্যানেজার মঞ্জুর আজিজ মোহন জানান, গ্যাস চুরির কৌশল হিসেবে আরএমএস কক্ষটি তালাবদ্ধ রাখা হয়েছিল। তিতাস কর্মকর্তাদের ঝটিকা অভিযানে দেখা যায়, মেকানিক্যাল মিটারের গতি কমিয়ে দিতে সেখানে তিনটি শক্তিশালী চুম্বক বা ম্যাগনেট ব্যবহার করা হচ্ছে। 

এ ছাড়া অত্যাধুনিক ইবিসি মিটারের পালসও জালিয়াতির মাধ্যমে বন্ধ করে রাখা হয়েছিল যাতে প্রকৃত ব্যবহারের তথ্য দপ্তরে না পৌঁছায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিতাস টিম ফজরের নামাজের পর থেকেই ওঁৎ পেতে থাকে এবং এই কারসাজি হাতেনাতে ধরে ফেলে।

​কর্তৃপক্ষের প্রাথমিক হিসাব অনুযায়ী, কারখানাটিতে প্রতি ঘণ্টায় প্রায় ১২ হাজার ঘনফুট গ্যাস অবৈধভাবে ব্যবহার বা চুরি করা হচ্ছিল। ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছিল। জালিয়াতি ধরা পড়ার পর দ্রুত মিটারটি খুলে নেওয়া হয়েছে এবং কারখানার অভ্যন্তরীণ গ্যাস লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

তিতাস কর্মকর্তাদের মতে, রাতের অন্ধকারে বা ভোরে যখন তদারকি কম থাকে, তখন এই ধরনের শিল্প প্রতিষ্ঠানগুলো জালিয়াতির মাধ্যমে গ্যাস ব্যবহার বাড়ায়। 

অভিযানে ফতুল্লা জোনের জোনাল ম্যানেজার প্রকৌশলী মো. আতিকুর রহমান, নারায়ণগঞ্জ অঞ্চলের জোনাল ম্যানেজার প্রকৌশলী মো. আসাদুজ্জামান আজাদ এবং জরুরি ব্যবস্থাপক শাহ এমদাদ হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কারিগরি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

তিতাস কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, প্রচলিত নীতিমালা অনুযায়ী ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে বকেয়া বিল আদায়ের পাশাপাশি বড় অংকের জরিমানা আরোপ করা হবে।