নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ রনি (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (৭ মে) ভোরে ফতুল্লা মডেল থানাধীন পশ্চিম দেওভোগের হাশেমবাগ তসলিমপট্টি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত রনি উপজেলার কাশিপুর এলাকার কালু মিয়ার ছেলে। তিনি ফতুল্লা মডেল থানার একাধিক মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, পশ্চিম দেওভোগ এলাকার গিয়াস উদ্দিন উকিলের বাড়ির সংলগ্ন একটি পরিত্যক্ত টিনশেড ঘরে অভিযান চালিয়ে রনিকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৫টি সাদা স্টিলের তৈরি তলোয়ার, চারটি কাঠের তলোয়ার, একটি চাকু, একটি স্টিলের কুড়াল এবং একটি এসএস পাইপ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘গ্রেপ্তার আসামিসহ পলাতক অন্যান্য আসামিদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।’



