নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে এক প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৭ মে) রাতে উপজেলার চর গোয়ালদী কোনাপাড়া এলাকায় মালয়েশিয়া প্রবাসী আবুল কালামের বাড়িতে এ তাণ্ডব চালায় একদল ডাকাত।
ভুক্তভোগী পরিবারের দাবি, ডাকাত দল নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৪৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় শুক্রবার (৮ মে) সকালে স্থানীয় এক ব্যক্তিসহ অজ্ঞাতনামা আরও ১৫ জনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রবাসীর স্ত্রী জাকিয়া বেগম।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের খাসেরগাঁও এলাকার বাসিন্দা জলিলের নেতৃত্বে বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ১২ থেকে ১৫ জনের একটি দল চর গোয়ালদী কোনাপাড়া এলাকায় প্রবাসী আবুল কালামের বাড়িতে যায়।
এ সময় তারা বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন ও মারধর করে।
হামলাকারীরা ঘরের আলমারি ভেঙে নগদ পাঁচ লাখ টাকা, আট ভরি স্বর্ণালঙ্কার এবং পরিবারের আরেক সদস্য সাবিয়া বেগমের আলমারিতে থাকা সাত ভরি আট আনা স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
এ ছাড়া একটি ল্যাপটপ, চারটি স্মার্টফোন, একটি আইপ্যাডসহ বিভিন্ন মূল্যবান সামগ্রীও নিয়ে যায় ডাকাত দল।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের ভাষ্য, অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত টাকা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালিয়ে ডাকাতির ঘটনা ঘটায় এবং লুটপাট চালায়।
জাকিয়া বেগম বলেন, আমার স্বামী মালয়েশিয়ায় থাকেন। এই সুযোগে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে আমাদের ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করে আসছিল। টাকা না দেওয়ায় তারা বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করেছে।
যাওয়ার সময় হামলাকারীরা একটি মোবাইল নম্বর লিখে দিয়ে আপসের জন্য যোগাযোগ করতে বলে। একই সঙ্গে মোটা অঙ্কের টাকা না দিলে পরিবারের সদস্যদের হত্যা এবং বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


