ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রূপগঞ্জে দাবিকৃত চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাটের অভিযোগ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০৪:২৭ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। সোমবার (১৮ মে) রাতে উপজেলার বিরাবো এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী গোলজার মোল্লা জানান, তিনি কাঞ্চনের বিরাবো এলাকায় এআরবি ব্রিকস নামে একটি ইটভাটার ব্যবসা পরিচালনা করে আসছেন। কিছুদিন ধরে খালপাড় এলাকার চিহ্নিত সন্ত্রাসী কাউসার, ফজলে রাব্বিসহ কয়েকজন তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত টাকা না দিলে ব্যবসা করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়।

তিনি আরও জানান, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সোমবার রাতে কাউসার, ফজলে রাব্বি ও সানির নেতৃত্বে ৫০ থেকে ৬০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান এআরবি ব্রিকসে হামলা চালায়। হামলাকারীরা অফিসে ব্যাপক ভাঙচুর চালিয়ে আলমারি ভেঙে ইট বিক্রির প্রায় ১৪ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এসময় প্রতিষ্ঠানের এক কর্মচারীকেও মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে ভোলাবো তদন্ত কেন্দ্রের এসআই ফরহাদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।