ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: জুন ১, ২০২৬, ০৩:৪২ পিএম
সোনারগাঁয়ের বিএনপি নেতা রফিকুল ইসলাম বিডিআর। ছবি : রূপালী বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ও বিতর্কিত মন্তব্য করার অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি ও পিরোজপুর ইউনিয়নের সাবেক দুইবারের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বিডিআরকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে জেলা বিএনপি। গত ৩১ মে রোববার ইস্যুকৃত কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।

জানা গেছে , গত ৩০ মে শনিবার সকালে সোনারগাঁ পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে সম্প্রতি এক প্রকাশ্য অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে রফিকুল ইসলাম বিডিআর মন্তব্য করেন, আমাদের প্রধানমন্ত্রীর অল্প বয়স, বুদ্ধি পাকা হয়নি এখনো, ওনার একজন উপদেষ্টা দরকার। ​তার এমন অসংলগ্ন ও অবমাননাকর বক্তব্যের ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। দায়িত্বশীল পদে থেকে একজন সিনিয়র রাজনীতিকের এমন মন্তব্যকে কুরুচিপূর্ণ ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বলে আখ্যায়িত করেছেন সাধারণ নেটিজেনরা। ইতোমধ্যে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ভাইরাল হয়।

বিষয়টি নজরে আসার পরপরই সাংগঠনিকভাবে কঠোর অবস্থান নিয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। দলীয় আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি আচরণের দায়ে ৩১ মে (রোববার) জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ স্বাক্ষরিত এক পত্রে রফিকুল ইসলাম বিডিআরকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে রফিকুল ইসলাম বিডিআরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে প্রকাশ্যে অসংলগ্ন বক্তব্য দেওয়ার অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। তার আচরণ দলীয় শৃঙ্খলার গুরুতর লঙ্ঘন। কেন তার বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ৭২ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।