নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কথিত সহিংস রাজনীতি, বোমাবাজি, জ্বালাও-পোড়াও, গুপ্ত হামলা ও গুপ্ত মিছিলের প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা যুবদল।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে উপজেলার ভুলতা এলাকায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান ইমনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ও ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনসুর খান দীপক, পল্লী উন্নয়ন ও সমবায়বিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম এবং নারায়ণগঞ্জ জেলা যুবদলের সভাপতি সাদেকুর রহমান সাদেক। এছাড়া জেলা ও উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সহিংসতা, নাশকতা ও গুপ্ত হামলার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চলছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
সমাবেশ শেষে নেতাকর্মীরা ঢাকা-সিলেট মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল বের করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন