ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

জামিন পাননি সাবেক মেয়র আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ০২:৪৪ পিএম
ডা. সেলিনা হায়াৎ আইভী। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন মঞ্জুর করেনি আদালত।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় পুলিশের ওপর হামলার ঘটনা এবং ফতুল্লা থানার ইয়াসিন হত্যা মামলার শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানি শেষে আদালত আইভীর জামিন নামঞ্জুর করেন। নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক কাইয়ুম খান বিষয়টি নিশ্চিত করেছেন। আইভীর বিরুদ্ধে নতুনভাবে শ্যোন অ্যারেস্ট দেখানো পাঁচ মামলার মধ্যে আজ দুইটির শুনানি অনুষ্ঠিত হয়েছে।

মেয়র আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, দুই মামলার এজাহারে সাবেক মেয়র আইভীর নাম না থাকার পরও তাঁর জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। তবে এর আগে বিভিন্ন সময় আদালত এই মামলায় এজাহারে নাম না থাকার কারণে ১৯ জনের জামিন মঞ্জুর করেছেন।

একই মামলায় অন্য আসামিরা জামিন পেলেও তাঁকে জামিন না দেওয়ায় বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে যাবে। এ আদেশের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবেন বলে জানান এ আইনজীবী।

উল্লেখ্য, গত ৯ মে ডা. সেলিনা হায়াৎ আইভীকে তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করে পুলিশ।