ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রূপগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

পূর্বাচল প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৮:২৪ এএম
ছবি: রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে রূপগঞ্জের চিহ্নিত মাদক সম্রাট ও একাধিক মামলার আসামি মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মনির হোসেন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের আমলাবো ইসলামবাগ এলাকার বাসিন্দা। তিনি মৃত শামসুল হক গাজীর ছেলে এবং দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৩ ডিসেম্বর) সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় নাজমা পেপার অ্যান্ড বোর্ড মিলের সামনে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় মনির হোসেনকে ২০০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়।