জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার পর নির্বাচন কমিশন সকল প্রকার রাজনৈতিক ব্যানার, ফেস্টুন ও পোস্টার ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশনা দেয়।
তবে নির্ধারিত সময় পার হয়ে গেলেও রূপগঞ্জ উপজেলায় রাজনৈতিক নেতাকর্মীরা এসব অপসারণ না করায় উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান শুরু করেছে।
জানা গেছে, রূপগঞ্জ উপজেলা প্রশাসন ইতোমধ্যে রাজনৈতিক নেতৃবৃন্দকে ব্যানার, ফেস্টুন ও পোস্টার সরিয়ে নেওয়ার জন্য অবহিত করেছিল।
কিন্তু শনিবার রাত ৯টায় ৪৮ ঘণ্টার সময়সীমা শেষ হওয়ার পরও উপজেলার সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লায় এমপি পদপ্রার্থীদের ছবি সংযুক্ত অসংখ্য ব্যানার ও পোস্টার ঝুলতে দেখা গেছে।
এর প্রেক্ষিতে রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসন ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ অভিযান শুরু করে।
অভিযানের প্রথম দিনে রূপগঞ্জ উপজেলা পরিষদ চত্বর ও রূপগঞ্জ প্রেসক্লাব এলাকা থেকে এসব ব্যানার ও পোস্টার অপসারণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুল রহমান, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবজেল হোসেনসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুল রহমান বলেন, নির্ধারিত সময়ের মধ্যে রাজনৈতিক নেতাকর্মীরা ব্যানার ও পোস্টার অপসারণ না করায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান শুরু করা হয়েছে। সার্বক্ষণিক দুইজন ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনায় থাকবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে সকল প্রকার ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ করতে হবে। এ নির্দেশনা বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন