ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নরসিংদীতে ব্যবসায়িক দ্বন্দ্বে শ্রমিক লীগ নেতার মৃত্যু

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০১:১৬ এএম
জগত মিয়া। ছবি : রূপালী বাংলাদেশ

নরসিংদীর বেলাবো উপজেলায় ব্যবসায়িক লেনদেনসংক্রান্ত বিরোধের জেরে জগত মিয়া (৫০) নামের এক শ্রমিক লীগ নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিক্ষুব্ধ জনতা স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে বেলাবো উপজেলার আমলাব ইউনিয়নের পাহাড় উজিলাবো গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জগত মিয়া ওই গ্রামের মৃত জিন্নত আলীর ছেলে এবং আমলাব ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, ব্যবসায়িক লেনদেন নিয়ে জগত মিয়ার সঙ্গে বিরোধ চলছিল বেলাবো উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলাউদ্দিন প্রধানের ছেলে শ্যামলের। রোববার দুপুরে ‘বিভাটেক’ নামের একটি ব্যবসা সংক্রান্ত পাওনা টাকা নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধস্তাধস্তি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধাক্কাধাক্কির একপর্যায়ে জগত মিয়া মাটিতে পড়ে যান এবং অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত বাড়িতে নিয়ে যাওয়া হয়। তবে বাড়িতে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

জগত মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। নিহতের স্বজন ও এলাকাবাসী মৃত্যুর জন্য শ্যামলকে দায়ী করে মিছিল নিয়ে আলাউদ্দিন প্রধানের বাড়িতে যান। এ সময় উত্তেজিত জনতা ওই বাড়িতে ভাঙচুর চালায় এবং পরে অগ্নিসংযোগ করে। এতে আসবাবপত্রসহ মূল্যবান মালামাল পুড়ে যায়।

খবর পেয়ে বেলাবো থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় উত্তেজনা প্রশমিত হলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জগত মিয়ার মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।