আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী–২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণায় গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. গোলাম সারওয়ার ওরফে সারোয়ার তুষার এক জামায়াতকর্মীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, প্রচারণাকালে উভয়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সারোয়ার তুষার ওই জামায়াতকর্মীকে উদ্দেশ করে বলেন, ‘আপনি কি জামায়াতের আমিরের চেয়ে বেশি?’
জবাবে ওই জামায়াতকর্মী বলেন, ‘আমাদের এখানে জনপ্রিয়তা আছে।’ এরপর তিনি প্রশ্ন করেন, ‘আপনি এখানে পাস করবেন—এটা কি বলতে পারবেন?’
এর উত্তরে সারোয়ার তুষার বলেন, ‘তাহলে জোট করছেন কেন?’
পরে ওই জামায়াতকর্মী অভিযোগ করেন, ‘এখানে অন্য দলের দালালি করছেন আপনারা।’
এ কথার জবাবে সারোয়ার তুষার বলেন, ‘জোটে ভোট দেবেন না? দালালি আপনারাই করছেন।’
এ সময় পাশে দাঁড়িয়ে থাকা আরেকজন ওই জামায়াতকর্মীকে উদ্দেশ করে বলেন, এই কথা (দালালি) কেমনে কও, মিয়া? এই মিয়া, সভ্যতার সঙ্গে কথা কও। কে দালালি করতে এসেছে? কি কইলা তুমি? তুমি এই কথাটা কেন বল।
ভিডিওতে আরও শোনা যায়, আরেকজন ব্যক্তি বলেন, ‘এরা প্রচারণা চালাচ্ছে, চালাক।’ এ সময় ওই জামায়াতকর্মী বলেন, ‘দাঁড়িপাল্লায় ভোট না দিলে ভোটের কোনো ভ্যালুই থাকবে না।’
এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

