নরসিংদীর পলাশে ধানের শীষের প্রচারণায় ছাত্রদল নেতার ব্যতিক্রমী সাজে সাজানো একটি মোটরসাইকেল সবার নজর কেড়েছে। লাল-সবুজ রঙে ‘সবার আগে বাংলাদেশ’ লোগো ও ‘ধানের শীষে ভোট দিন’ স্লোগান সংবলিত মোটরসাইকেলটি ব্যবহার করছেন ঘোড়াশাল পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. আমানউল্লাহ আমান।
নরসিংদী-২ (পলাশ) আসনের ধানের শীষের মনোনীত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের পক্ষে প্রচারণায় সকাল থেকে রাত পর্যন্ত তিনি এই মোটরসাইকেল নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার গ্রামগুলো ঘুরে বেড়াচ্ছেন।
এ বিষয়ে ছাত্রদল নেতা মো. আমানউল্লাহ আমান বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ শিরোনামে যে সুসজ্জিত বাস প্রচারণায় ব্যবহার করা হচ্ছে, সেখান থেকেই আমি অনুপ্রাণিত হয়েছি। সেই আদলেই নিজের ব্যক্তিগত মোটরসাইকেলটি সাজিয়েছি। তরুণদের রাজনীতিতে আগ্রহী ও অনুপ্রাণিত করতেই আমার এই উদ্যোগ।
স্থানীয়দের মতে, ব্যতিক্রমী সাজ ও ভিন্নধর্মী প্রচারণার কারণে মোটরসাইকেলটি এলাকায় ব্যাপক আগ্রহ ও আলোচনা সৃষ্টি করেছে।

