বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর-১ আসনের ধানের শীষের প্রার্থী খায়রুল কবীর খোকন বলেছেন, জান্নাতের টিকিট কেউ বিক্রি করতে পারে না। জান্নাত দেওয়ার মালিক একমাত্র আল্লাহতায়ালা। কেউ যদি জান্নাতের টিকিট দেওয়ার কথা বলে, তাহলে বুঝতে হবে তারা মুনাফিক। তাদের কাছে ইসলাম নিরাপদ নয়।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদী পৌর ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
খায়রুল কবীর খোকন বলেন, একটি দল মানুষের ভোট পাওয়ার জন্য প্রতারণার আশ্রয় নিচ্ছে। তারা এখনই জনগণের সঙ্গে প্রচার শুরু করেছে। কোনো কারণে তারা ক্ষমতায় গেলে রাষ্ট্র ও দেশের সঙ্গে কী ধরনের প্রতার করবে, তা জনগণকে ভেবে দেখার আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, তারা বারবার বলে—ধানের শীষ, লাঙ্গল ও নৌকা দেখেছেন; এবার তাদের সুযোগ দিতে। কিন্তু তাদের অপকর্ম তো ১৯৭১ সালেই জাতি দেখেছে। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী চক্র এ দেশের মা-বোনের সম্ভ্রম কেড়ে নিয়েছে। তাদের কারণে ৩০ লাখ মানুষকে রক্ত দিতে হয়েছে।
তিনি আরও বলেন, আপনারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করেন না। সে সময় বাংলাদেশকেও স্বীকার করেননি। এখনো জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে যান না, জাতীয় সংগীত গাইতে চান না। তারা বাংলাদেশকে স্বীকার করে না, অথচ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। তাদের হাতে এই দেশ ও দেশের মানুষ নিরাপদ নয়। তারা সুযোগ পেলে দেশের বড় ধরনের ক্ষতি করবে।
বিএনপির এই নেতা বলেন, বিএনপি গত ১৭ বছর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। সাবেক দেশনেত্রী খালেদা জিয়াও জনগণের জন্য কাজ করে গেছেন। তারেক রহমান বিদেশে থেকেও দেশ ও দেশের মানুষের জন্য কাজ করছেন। বিএনপি ক্ষমতায় এলে সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত হবে, দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের অগ্রগতি ঘটবে।
১২ ফেব্রুয়ারি দেশের কল্যাণে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশ গড়ার কাজে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
নরসিংদী শহর বিএনপির সভাপতি এ কে এম গোলাম কবির কামালের সভাপতিত্বে জনসভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট শিরিন সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি খবিরুল ইসলাম বাবুল, ফারুক উদ্দিন ভূঁইয়া, ভিপি জলিল, হারুনুর রশিদ হারুন, দ্বীন মোহাম্মদ দীপু, যুবদল সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, মো. ইলিয়াস আলী ভূঁইয়া, সাইফুল ইসলাম সোহেল, আব্দুর রউফ ফকির রনি, সুমন চৌধুরী, সিদ্দিকুর রহমান নাহিদ, আওলাদ হোসেন মোল্লাসহ জেলা বিএনপি, মাধবদী বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
জনসভা শেষে পৌর ঈদগাহ মাঠ থেকে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোর্ট এলাকায় গিয়ে শেষ হয়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন