বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, ‘একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় অন্তত ২৫ শতাংশ বনায়নের প্রয়োজন রয়েছে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপনের বিকল্প নেই। সারা দেশে আগামী ৫ বছরের মধ্যে ২৫ কোটি বৃক্ষ রোপন কর্মসূচি অব্যাহত থাকবে। বিএনপি তাদের দেওয়া নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি অক্ষরে অক্ষরে পালন করবে।’
তিনি আরও বলেন, ‘ইতোমধ্যেই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ডসহ নানাবিদ কার্ড জনগণের সুবিধা নিশ্চিতে কাজ করছে বর্তমান সরকার। পৃথিবীর ইতিহাসে সরকার গঠনের অল্প সময়ে যে ঈর্ষান্বিত সাফল্য অর্জন করেছে তা বিরল। বর্তমান প্রধানমন্ত্রীর বিরল উদ্যোগের ফলে জনগণের ওপর আমাদের দায়বদ্ধতার প্রতিটি দাবি পূরণ করা হবে।’
বুধবার (১ এপ্রিল) দুপুরে নরসিংদীর জিরো পয়েন্টে সড়ক ও জনপদ কর্তৃক আনুষ্ঠানিকভাবে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধনকালে সাংবাদিকদের এসব কথা বলেন খায়রুল কবির খোকন।
এ সময় বিএনপি সহসভাপতি ফারুক উদ্দিন ভূইয়া, খবিরুল ইসলাম বাবুল, গোলাম কবির কামাল, শ্রমিক নেতা রবিউল ইসলাম রবি, সড়ক জনপদ বিভাগের প্রকৌশলী রেজা ই-রাব্বীসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সারা দেশে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠান ছাড়াও ব্যক্তিগতভাবেও এই বৃক্ষ রোপনের জন্য গুরুত্ব দেওয়া হচ্ছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন