নরসিংদীর মেঘনা নদীতে সহপাঠীদের সঙ্গে গোসল করতে নেমে বি.এফ শাহিন কলেজের এইচএসসি প্রথম বর্ষের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (১১ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়ার চার ঘণ্টা পর নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ নদীর তলদেশ থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত মাহির শাহরিয়ার ঢাকার বি.এফ শাহিন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি রাজধানীর মিরপুর-১ এলাকার জহিরুল ইসলামের ছেলে।
নিহত মাহিরের সহপাঠী ওয়ালী জানান, সোমবার সকালে ঢাকা থেকে ট্রেনে করে বি.এফ শাহিন কলেজ ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজসহ ঢাকার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থী নরসিংদীর নাগরিয়াকান্দী এলাকায় ভ্রমণে আসে।
বিভিন্ন স্থান ঘুরে দেখার একপর্যায়ে তারা নাগরিয়াকান্দী মেঘনা নদীতে গোসল করতে নামে। এ সময় নদীর তীব্র স্রোতে মাহিরসহ তিনজন তলিয়ে যেতে থাকে। উপস্থিত অন্য শিক্ষার্থীরা দুজনকে উদ্ধার করতে পারলেও সাঁতার না জানায় মাহির পানির নিচে তলিয়ে যায়।
পরে সহপাঠীরা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে না পেরে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঢাকা থেকে এসে উদ্ধারকাজ শুরু করে।
ডুবে যাওয়ার প্রায় চার ঘণ্টা পর নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ নদীর তলদেশ থেকে উদ্ধার করা হয়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনাস্থলে দেখতে আসা স্থানীয় বাসিন্দা নাসরিন বেগম বলেন, প্রায়ই এখানে এমন দুর্ঘটনা ঘটে। তারপরও অনেকেই এখানে ঘুরতে এসে নদীতে নামে। আজও কলেজে না গিয়ে ঢাকা থেকে শিক্ষার্থীরা এখানে এসেছে। এখন একজনের মৃত্যু হলো।
ফায়ার সার্ভিস ডুবুরি দলের প্রধান ও বিভাগীয় লিডার মোতালিব হোসেন জানান, দুপুর সোয়া ১টার দিকে খবর পেয়ে ঢাকা থেকে ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।
পরে বিকেল ৩টার দিকে উদ্ধার অভিযান শুরু করে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ২০ থেকে ৩০ গজ দূরে আধাঘণ্টার চেষ্টায় মাহিরের মরদেহ উদ্ধার করা হয়।


