নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের বেলতলা এলাকা থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আপন দুই ভাইকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে পরিচালিত এক অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রামিম (২৫) ও পাপন (২০)। তারা রায়পুরা উপজেলার তুলাতলী এলাকার মাসুদ মিয়ার ছেলে। বর্তমানে তারা নরসিংদী সদর উপজেলার রাজারদী এলাকায় ফারুক মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি দক্ষিণের ইনচার্জ ইন্সপেক্টর এরশাদ উল্লাহর নেতৃত্বে একটি দল বেলতলা এলাকায় অভিযান চালায়। এ সময় এসআই মোহাম্মদ আব্দুস সালাম, এসআই শেখ মো. জসিম উদ্দিনসহ ডিবির অন্যান্য সদস্যরা অভিযানে অংশ নেন।
অভিযানের একপর্যায়ে দুই ভাইয়ের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং সমাজে মাদকের বিস্তার রোধে তারা কঠোর অবস্থানে আছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি এরশাদ উল্লাহ বলেন, অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় যাচাই-বাছাই কার্যক্রম চলছে। তদন্ত শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন