নাটোরের গুরুদাসপুরে ভেজাল খেজুর গুড় তৈরির একটি কারখানায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। পৌর সদরের গাড়িষাপাড়া মহল্লায় ‘ভাই ভাই বাণিজ্যালয়’ এ অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং কারখানাটি সিলগালা করেন।
জানা গেছে, ‘ভাই ভাই বাণিজ্যালয়’ এর মালিক দেলোয়ার হোসেন দুলাল সোনার দীর্ঘদিন ধরে ভেজাল খেজুর গুড় তৈরি করে আসছিলেন।
এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যার দিকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় জরিমানা আরোপসহ কারখানাটি সিলগালা করা হয়।
অভিযানকালে জানা যায়, চিটাগুড়ের সঙ্গে ক্ষতিকর কেমিক্যাল, কাপড়ে ব্যবহৃত রং ও অন্যান্য উপকরণ মিশিয়ে ভেজাল খেজুর গুড় তৈরি ও বাজারজাত করা হচ্ছিল। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম ও স্যানিটারি ইন্সপেক্টর মাধব চন্দ্র।
স্থানীয় বাসিন্দা সোহেল রানা ও শহিদুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, গুরুদাসপুরে অন্তত ১০টি ভেজাল খেজুর গুড় তৈরির কারখানা রয়েছে। শুধু জরিমানা করে ভেজাল রোধ করা সম্ভব নয়। প্রয়োজনে কারখানা উচ্ছেদ ও অপরাধীদের কারাদণ্ড দেওয়া উচিত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ বলেন, প্রাকৃতিক খেজুর গুড়ের নামে একশ্রেণির অসাধু ব্যবসায়ী ভেজাল গুড় তৈরি করে বিপণন করে আসছিল। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন