মেলা মানুষের আনন্দের মিলনস্থল। পৌষ মেলা শীতকালীন নবান্ন উৎসবের একটি প্রাচীন ও সর্বজনপ্রিয় রূপ, যা বাঙালির হাজার বছরের ঐতিহ্যকে ফুটিয়ে তোলে। ভাবের বাহন যেমন ভাষা, তেমনি সংস্কৃতি একটি জাতির পরিচয় বহন করে।
বুধবার (১৪ জানুয়ারি) নাটোরের নলডাঙ্গা উপজেলার ঝুপদুয়ার এলাকায় তিন দিনব্যাপী ২০০ বছরের ঐতিহ্যবাহী গ্রামীণ পৌষ মেলা শুরু হয়েছে। যা চলবে শুক্রবার (১৬ জানুয়ারি) পর্যন্ত।
সনাতন হিন্দু সম্প্রদায়ের কালিপূজা উপলক্ষে তিন দিনের এ গ্রামীণ পৌষ মেলায় বিশাল এলাকাজুড়ে বসেছে সারি সারি দোকান। মেলায় হাজার হাজার দর্শনার্থী ও পুণ্যার্থীর পদচারণায় মুখর হয়ে উঠেছে প্রাঙ্গণ।
মেলায় গ্রামীণ মুখরোচক নানা খাবার, প্লাস্টিক পণ্য, নারীদের প্রসাধনী, শিশুদের খেলনা ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের বেচাকেনা চলে রাত পর্যন্ত। সবচেয়ে বেশি বিক্রি হয় বিভিন্ন মিষ্টি ও জিলাপি। এ ছাড়া কম দামের কাঠের তৈরি আসবাবপত্রও বিক্রি হয়ে থাকে।
স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন, ২০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী কালিপূজা উপলক্ষে বিশাল এলাকাজুড়ে মেলা বসে। মেলা দেখতে দূর-দূরান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থী ও দর্শনার্থীদের আগমন ঘটে। মেলা জমে উঠায় খুশি দোকানি ও আয়োজনকারীরা।
মেলা উদযাপন কমিটির সভাপতি শ্রী উজ্জল প্রাং বলেন, মেলাটি ২০০ বছরের পুরোনো। প্রতি বছরের মতো এবারের মেলাটিও শান্তিপূর্ণভাবে উদযাপন করা হচ্ছে। মেলায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করছে নলডাঙ্গা থানা পুলিশ।
২০০ বছরের ঐতিহ্য ধরে পৌষের শেষে কালিপূজা উপলক্ষে এই গ্রামীণ মেলার আয়োজন করে আসছে নলডাঙ্গার ঝুপদুয়ার গ্রামবাসী।


