ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নলডাঙ্গায় সোলার পাম্পে কৃষকের ইরি চাষ শুরু

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৮:২১ এএম
সোলার পাম্পে র মাধ্যমে ইরি ধানে সেচ দেওয়া হচ্ছে। ছবি : রূপালী বাংলাদেশ

নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতিবিলে প্রথমবারের মতো সোলার পাম্পের মাধ্যমে ইরি ধান চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। নিজ প্রচেষ্টায় এই আধুনিক সেচব্যবস্থা চালু করেছেন উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের মো. জায়েদ আলী মীরের ছেলে মো. রমজান আলী।

কৃষক রমজান আলী জানান, ২৬০০ ওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেলের মাধ্যমে ৩ হর্সপাওয়ারের মোটর চালিয়ে তিনি সেচ কার্যক্রম পরিচালনা করছেন। সোলার প্যানেলটি চারদিকে ঘোরানো যায়, ফলে সূর্যের আলো যেদিক থেকে বেশি পাওয়া যায় সেদিকেই সেটি ঘুরিয়ে ব্যবহার করা সম্ভব। এই সোলার পাম্পের মাধ্যমে তিনি প্রায় ১৫ বিঘা জমিতে ইরি ধানে সেচ দেওয়ার আশা করছেন।

তিনি আরও বলেন, নিজ উদ্যোগে সোলার পাম্পটি তৈরি করতে তার মোট ব্যয় হয়েছে প্রায় ২ লাখ ২০ হাজার টাকা। এই পাম্পব্যবস্থায় পানি সেচ দিতে কোনো ঝামেলা নেই। ভার্টিকেল সিস্টেম হওয়ায় শুধু সুইচ অন করলেই পানি উঠতে শুরু করে। এ ছাড়া এই সোলার পাম্পের জন্য ২০ বছরের গ্যারান্টি রয়েছে।

রমজান আলীর মতে, প্রচলিত ডিজেলচালিত মেশিন দিয়ে ১০ বিঘা জমিতে ইরি চাষ করতে প্রায় ১ হাজার লিটার ডিজেল প্রয়োজন হয়। শীতকালে এসব মেশিন চালু করাও বেশ কষ্টসাধ্য। সোলার পাম্প ব্যবহারে এসব সমস্যার সম্মুখীন হতে হয় না এবং স্বল্প খরচে চাষাবাদ সম্ভব। 

তিনি বলেন, কেউ যদি সোলার পাম্প স্থাপন করতে চান, তবে তিনি সার্বিক সহযোগিতা দিতে প্রস্তুত।

মাধনগর ইউনিয়ন পরিষদের হিসাবরক্ষক মামুনুর রশিদ বলেন, আমাদের গ্রামের কৃষক মো. রমজান আলীর এই উদ্যোগ অন্যান্য কৃষককে অনুপ্রাণিত করবে। এতে কৃষকরা অল্প খরচে চাষাবাদ করতে সক্ষম হবেন।

নলডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন বলেন, আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে এই উদ্যোগ পরিদর্শন করব এবং প্রয়োজনীয় সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।