ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির বিদ্রোহী প্রার্থী রাজন

লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০৪:৩২ পিএম
সংবাদ সম্মেলনে বিএনপির সাবেক আহ্বায়ক ডা. ইয়াসির আরশাদ রাজন। ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর দলীয় সিদ্ধান্ত মেনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপির বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী, নাটোর জেলা বিএনপির সদস্য ও লালপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ডা. ইয়াসির আরশাদ রাজন।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে গৌরীপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে রাজন জানান, ‘বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে ও দলের বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে আমি সরে দাঁড়িয়েছি।’

তিনি আরও জানান, বিএনপিকে শক্তিশালী করতে এবং আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ে দলকে ঐক্যবদ্ধ রাখতে এই সিদ্ধান্ত নিয়েছেন। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের বিভেদ ভুলে একযোগে কাজ করার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা রাজনের সিদ্ধান্তকে স্বাগত জানান এবং দলীয় সিদ্ধান্ত মেনে মাঠে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

রাজন আরও বলেন, ‘আমি লালপুরে দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে যে ঘোষণা দিয়েছিলাম, তা চলমান থাকবে। আমি আপনাদের ছেড়ে যাইনি, আপনাদের সঙ্গেই আছি। আমৃত্যু পর্যন্ত আপনাদের সন্তান রাজন হিসেবেই থাকতে চাই। আজীবন যারা আমার সঙ্গে থেকে বিএনপির রাজনীতি করেছেন, তাদের প্রতি অকৃত্রিম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’

রাজন নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আমি দলের হাইকমান্ডকে আমার দলীয় নেতাকর্মীদের দলে সঠিক মূল্যায়নের ব্যাপারে জানিয়েছি।’ এ সময় তাঁর কর্মী ও সমর্থকরা আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন।