ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নির্বাচনি পরিবেশ পর্যবেক্ষণে বাগাতিপাড়ায় ইইউ প্রতিনিধি দল

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০৩:৫৬ পিএম
ইইউ প্রতিনিধি দল। ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোটের সার্বিক পরিস্থিতি সরেজমিন পর্যবেক্ষণের অংশ হিসেবে নাটোরের বাগাতিপাড়া উপজেলা সফর করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টা থেকে প্রতিনিধি দলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করে। ইইউ প্রতিনিধি দলে ছিলেন ভোল্ডেমারস ডুডুমস (Voldemers Dudums) ও জেনি গুস্তাফসন (Jenny Gustafson)। এ সময় বাংলাদেশি দোভাষী হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার সামি আবিদ ফায়েজ।

প্রতিনিধি দলটি বিশেষভাবে বাগাতিপাড়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় নির্বাচন পরিচালনা, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা ও সার্বিক প্রস্তুতি বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তারা।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন: বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন, জেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা জিন্নাত আরা জলি, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান, বাগাতিপাড়া মডেল থানার ওসি মনজুরুল ইসলামসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।

ইইউ প্রতিনিধি দলের সদস্যরা জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের একটি দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক দল বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। এই দলের অংশ হিসেবে তিন সদস্যের একটি দল নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন অংশীজন ও স্টেকহোল্ডারদের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় করছে।

উল্লেখ্য, ২২ জানুয়ারি থেকে সারা দেশে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার-প্রচারণা শুরু হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।