ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিএনপির প্রার্থী পুতুলকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, বিএনপি নেতা বহিষ্কার

লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০২:১৫ পিএম
ছবি : সংগৃহীত

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ ও নারী বিদ্বেষী বক্তব্য দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় নাটোর জেলা বিএনপির সদস্য রঞ্জিত কুমার সরকারকে প্রাথমিক সদস্যসহ দলের সব পদ-পদবি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ ও সদস্য সচিব মো. আসাদুজ্জামান আসাদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কারপত্রে উল্লেখ করা হয়, নাটোর জেলা বিএনপির সদস্য রঞ্জিত কুমার সরকারের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর নির্বাচনি সভায় উপস্থিত হয়ে অশালীন, কুরুচিপূর্ণ ও নারী বিদ্বেষী বক্তব্য প্রদানের অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও বিএনপির কেন্দ্রীয় নির্বাচনি পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নির্দেশে তাকে দলের প্রাথমিক সদস্যসহ সব পদ-পদবি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের তার সঙ্গে সব ধরনের যোগাযোগ না করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

এর আগে, গত শনিবার বিকেলে লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশনের কড়ইতলা এলাকায় স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর নির্বাচনি সভায় তার উপস্থিতিতে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রঞ্জিত কুমার সরকার বক্তব্য দিতে গিয়ে নাটোর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থীকে নিয়ে একটি কুরুচিপূর্ণ মন্তব্য করেন। মুহূর্তের মধ্যেই ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করে ওই আসনের স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

নাটোর জেলা বিএনপির সদস্য সচিব মো. আসাদুজ্জামান আসাদ বলেন, নাটোর-১ আসনের বিএনপির প্রার্থীকে নিয়ে অকথ্য, কুরুচিপূর্ণ ও নারী বিদ্বেষী বক্তব্য দেওয়ার কারণে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী জেলা বিএনপির সদস্য রঞ্জিত কুমার সরকারকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।