নাটোরের গুরুদাসপুরে আইনশৃঙ্খলার অবনতি হওয়ায় নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ গুরুদাসপুর থানার ওসিকে উদ্দেশ্য করে বলেন, ‘মাদকসহ চোর-ডাকাত নির্মূলে কঠোরভাবে পুলিশি মনোভাব দেখাতে হবে। অপরাধীরা যে দলেরই হোক কেউ যেন ছাড় না পায়। প্রয়োজনে উপজেলার প্রতিটি ওয়ার্ডে অপরাধ দমন কমিটি গঠণ করুন।’
সোমবার (৪ মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক বিশেষ জরুরি আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ।
এ সময় ইউপি চেয়ারম্যানদের উদ্দেশ্যে এমপি আব্দুল আজিজ বলেন, ‘সাতদিনের মধ্যে চেয়ারম্যানদের মধ্যে মাদক কারবারিদের তালিকা জমা দিতে হবে। তাতে নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়। এর আগেও তালিকা চাওয়া হয়েছে। কিন্তু চেয়ারম্যানরা তালিকা দেননি। এবার তালিকা না দিলে ধরে নেওয়া হবে তারা সরকারের ভালো চান না।’
সম্প্রতি সরকারি কোয়ার্টারসহ এলাকায় দুঃসাহসিক চুরি-ডাকাতি বেড়ে যাওয়ায় এই সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী, আব্দুল বারী, মনিরুল ইসলাম দোলন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রোকনুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার সাহা, কৃষি কর্মকর্তা কেএম রাফিউল ইসলাম, বিএনপি নেতা দুলাল সরকার, মনিরুজ্জামান হেনা, জাফর ইকবাল নয়ন, তোরাপ সরকার, সাংবাদিক আলী আক্কাস প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা, ডাকাতি ও চুরির ঘটনায় রহস্য উন্মোচিত না হওয়ায় কঠোর সমালোচনা করেন। সভায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা চান ওসি মনজুরুল আলম।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন