নেত্রকোনার মোহনগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক, চুরি ও বিভিন্ন মামলার অভিযোগে সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃতদের জেলা আদালতে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন: পৌরশহরের গরুহাট্টা এলাকার মো. দুলাল মিয়া (২৫), দক্ষিণ দৌলতপুরের মো. সোলাইমান (২৫), কুলপতাক গ্রামের প্রতাপ চন্দ্র সরকার (৩৫) ও ছানা রঞ্জন সরকার (৩৭), মান্দারবাড়ী গ্রামের মো. আমিনুল ইসলাম (২৪), বারহাট্টা উপজেলার আলোকদিয়া গ্রামের হৃদয় মিয়া (২৮) এবং ধনপুর গ্রামের রাকিব মিয়া (২১)।
পুলিশ জানায়, দুলাল মিয়ার কাছ থেকে এক লিটার দেশীয় মদ এবং সোলাইমানের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। হৃদয় মিয়া ও রাকিব মিয়াকে চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বাকি তিন জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মোহনগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জয় পাল জানান, ‘মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।’



