ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নেত্রকোনায় জমি চাষ নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ৮

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৪:৫৬ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

নেত্রকোনার মোহনগঞ্জে জমিতে ট্রাক্টর দিয়ে চাষাবাদকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন।

রোববার (১১ জানুয়ারি) সকালে উপজেলার পালগাঁও ও নলজুরী গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ ঘটে। এ সময় কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন থেকে চার দিন আগে জমি চাষকে কেন্দ্র করে দুই কৃষকের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হলেও ক্ষোভ রয়ে যায়। এর জেরে রবিবার সকালে শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

আহতদের মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন জানান, ‘এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’