ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইউএনওকে ‘শাসানো’ সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৫:৫৯ পিএম
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়া। ছবি- রূপালী বাংলাদেশ

নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ভূইয়াকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার। আদালত অবমাননা, ম্যাজিস্ট্রেটের কাজে বাধা প্রদান এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাকে এই বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, জনপ্রতিনিধি হিসেবে সহযোগিতা করার পরিবর্তে মো. সাইদুর রহমান ভূইয়া ম্যাজিস্ট্রেটের কার্যক্রমে বাধা সৃষ্টি করেন। এ ছাড়াও আদালত চলাকালীন আদালতের প্রতি বিরূপ মন্তব্য করেন, যা আদালত অবমাননার শামিল।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)-এর উপস্থিতিতে পরিচালিত মোবাইল কোর্টের কার্যক্রমেও তিনি বাধা প্রদান ও অসম্মানজনক আচরণ করেন। এসব কর্মকাণ্ডকে ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণ হিসেবে বিবেচনা করা হয়েছে।

সরকারের মতে, উল্লিখিত অভিযোগে চেয়ারম্যানের দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে আইন বহির্ভূত এবং জনস্বার্থের পরিপন্থি। এ কারণে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনে অপরাধ সংঘটিত হওয়ায় তাকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মৌতাদেম বিল্যাহ।