ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে অভিযান চালিয়ে ৪৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) সদস্যরা সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় এসব মাদকদ্রব্য জব্দ করেন।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে মাধুপুর বিওপি’র ছয় সদস্যের একটি বিশেষ টহল দল অভিযান চালায়। এ সময় সীমান্ত মেইন পিলার ১১৪৭/৩-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের মাস্টার ব্রিজ এলাকায় তল্লাশি করা হয়।
তল্লাশিকালে পরিত্যক্ত অবস্থায় ৪৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এর মধ্যে ২১ বোতল ‘আইকনিক হোয়াইট’ এবং ২৪ বোতল ‘আইস ভদকা’ ব্র্যান্ডের মদ রয়েছে।
জব্দকৃত মাদকদ্রব্য নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


