নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী গাজী আব্দুর রহীম রুহী প্রার্থিতা প্রত্যাহার করে বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল হককে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, বৃহত্তর স্বার্থে এবং আসনের সার্বিক উন্নয়নের জন্য বিএনপি কার্যকর ভূমিকা রাখতে পারবে। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণে বাংলাদেশপন্থি রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার লক্ষ্যও ব্যক্ত করেন তিনি।
সোমবার (২ ফেব্রুয়ারি) নেত্রকোনা জেলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন।
গাজী আব্দুর রহীম রুহী জানান, বৃহত্তর স্বার্থ এবং নেত্রকোনা-২ আসনের উন্নয়নের কথা বিবেচনা করেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে, বিএনপি এই আসনে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সক্ষম ভূমিকা রাখতে পারবে। দেশ ও জাতির কল্যাণে বাংলাদেশপন্থি রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করাই তাদের মূল লক্ষ্য।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্তটি দলীয়ভাবে গৃহীত। তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামীসহ কয়েকটি ইসলামী দল তাদের সঙ্গে রাজনৈতিক মুনাফিকি করেছে। যোগাযোগ থাকলেও কোনো যৌথ সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।
তিনি আরও অভিযোগ করেন, অতীতে বিভিন্ন সময়ে জামায়াতে ইসলামী তাদের শুধু রাজনৈতিকভাবে ব্যবহার করেছে।
এ সময় বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেত্রকোনা জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
-20260202211046.webp)


