ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশুসহ আহত ৩

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৫:৩১ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) বিকেল পৌনে তিনটার দিকে ময়মনসিংহ-বিরিশিরি মহাসড়কের পূর্বধলা সদর ইউনিয়নের আতকাপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী যাত্রীবাহী বাস পূর্বধলা চৌরাস্তা অতিক্রম করে আতকাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা তিনজন গুরুতর আহত হন।

আহতরা হলেন- সোনিয়া (২৯), নাবা (৪) এবং রাশিদা (৩৫), যাদের সকলের বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলায়।

আহতদের প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে সিএনজিটির সামনের কাচ ভেঙে যায় এবং গাড়ির বডি আংশিক দুমড়ে-মুচড়ে যায়। বাসের যাত্রী ও চালকের সঙ্গে কথা বলে পুলিশ জানিয়েছে, বিপরীত দিক থেকে আসা সিএনজিটি ভুল পাশে চলে আসায় দুর্ঘটনাটি ঘটেছে বলে তারা দাবি করেছেন।

পূর্বধলা থানার ওসি মো. দিদারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর সিএনজির চালক পালিয়ে গেছে। এ ঘটনায় জড়িত বাস ও সিএনজি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।