ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড জনপদ, বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৮:১৪ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় আকস্মিক কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঝড়ে গাছপালা, ঘরবাড়ি ও পল্লী বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপজেলার বিস্তীর্ণ এলাকা।

স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার (৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে হঠাৎ আকাশ কালো করে ধেয়ে আসে কালবৈশাখী ঝড়।

প্রায় ১০-১২ মিনিটের তীব্র ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গাছপালা উপড়ে পড়ে। অনেক কাঁচা ও টিনের ঘরের চাল উড়ে যায়। সড়কের ওপর গাছ পড়ে যান চলাচলেও বিঘ্ন ঘটে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পল্লী বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা। ঝড়ে অসংখ্য খুঁটি হেলে পড়েছে এবং তার ছিঁড়ে গেছে। এতে বিকেল থেকেই কলমাকান্দা সদরসহ লেংগুড়া, পোগলা, রংছাতি, খারনৈ ও বড়খাপন ইউনিয়নের বেশিরভাগ এলাকা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।

এ বিষয়ে কলমাকান্দা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মোজ্জামেল হক বলেন, ঝড় থামার পরপরই আমাদের টিম মাঠে নেমেছে। প্রাথমিকভাবে অনেক জায়গায় তার ছিঁড়ে যাওয়ার পাশাপাশি খুঁটি ভেঙে পড়ার খবর পাওয়া গেছে।

ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আমরা দ্রুত লাইন মেরামত করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করছি, তবে পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।