ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে নজিরবিহীন সাফল্য অর্জন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ফরিদুল কবির তালুকদার (শামীম)। উপজেলার সব ৮৯টি ভোটকেন্দ্রেই জয় পেয়ে তিনি নির্বাচনি ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে শামীম তালুকদার পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৪০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মো. আব্দুল আওয়াল পেয়েছেন ৪৪ হাজার ৯৪৭ ভোট। দুই প্রার্থীর মধ্যে ব্যবধান দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ৪৫৯ ভোট—যা জেলার অন্যতম বড় ব্যবধান হিসেবে বিবেচিত হচ্ছে।
নির্বাচনের একটি তাৎপর্যপূর্ণ দিক হলো, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নিজ এলাকা আরামনগর মাদ্রাসা কেন্দ্রেও ধানের শীষের প্রার্থী এগিয়ে ছিলেন। ওই কেন্দ্রে শামীম তালুকদার পেয়েছেন ১ হাজার ৭১৪ ভোট, আর আব্দুল আওয়াল পেয়েছেন ৫৫২ ভোট। ব্যবধান ১ হাজার ১৬২ ভোট। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি ভোটারদের আস্থার স্পষ্ট প্রতিফলন।
জামালপুর জেলার সবকটি আসনেই বিএনপি জয় পেলেও সরিষাবাড়ীতে প্রতিটি কেন্দ্রে একযোগে বিজয় বিশেষভাবে আলোচিত হয়েছে।
বিজয়ের পর প্রতিক্রিয়ায় ফরিদুল কবির তালুকদার (শামীম) বলেন, এই বিজয় সরিষাবাড়ীর মানুষের। তাদের প্রত্যাশা পূরণে আমি উন্নয়ন, শান্তি ও জনকল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাব।
দলীয় নেতাকর্মীদের মতে, এই ঐতিহাসিক ফলাফল প্রমাণ করে—সরিষাবাড়ীর রাজনীতিতে শামীম তালুকদারের জনপ্রিয়তা ও সাংগঠনিক ভিত্তি কতটা শক্তিশালী।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন