খুলনার রূপসা উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগে খোকন শিকদার (৫৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার ঘাটভোগ ইউনিয়নের চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খুরশিদা বেগম (৫০) ওই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ সকালে পারিবারিক কলহের একপর্যায়ে খোকন শিকদার ঘরে থাকা শাবল দিয়ে স্ত্রী খুরশিদা বেগমের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, এরপর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৭ মার্চ সন্ধ্যা আটটার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ছেলে মিশকাত শিকদার বাদী হয়ে রূপসা থানায় একটি হত্যা মামলা করেছেন।
মিশকাত শিকদার বলেন, আমার বাবা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। এ কারণে প্রায়ই বাবা-মায়ের মধ্যে ঝগড়া হতো। ঘটনার দিনও তেমন বিরোধের একপর্যায়ে এ হামলার ঘটনা ঘটে।
রূপসা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুস সবুর খান বলেন, অভিযুক্ত খোকন শিকদারকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন