মাদারীপুরের শিবচর উপজেলায় তীব্র দাবদাহের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং। দিনে-রাতে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন সব শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয় বাসিন্দারা জানান, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে শিশু-বৃদ্ধসহ সাধারণ মানুষ চরম কষ্টে দিন পার করছেন। বিশেষ করে ২০২৬ সালের এসএসসি পরীক্ষারা পড়াশোনায় মারাত্মক ব্যাঘাতের সম্মুখীন হচ্ছেন। রাতে প্রায়ই ৩৩ কেভি লাইন বন্ধ হয়ে যাওয়ায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকে না।
শিবচর পৌরসভার বাসিন্দা কামাল শেখ বলেন, এত বেশি লোডশেডিং হচ্ছে যে শিশুদের নিয়ে ঘরে থাকা কষ্টকর হয়ে পড়েছে। অভিযোগ নম্বরে ফোন করলেও অনেক সময় সাড়া পাওয়া যায় না। কখন বিদ্যুৎ আসবে সে বিষয়ে নিশ্চিত তথ্য না থাকায় দুর্ভোগ আরও বাড়ছে।
এদিকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ না থাকায় রোগীদের অবস্থা হয়ে উঠেছে অসহনীয়। তীব্র গরমে রোগী ও স্বজনদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এবং চিকিৎসা সেবাও ব্যাহত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জানান, প্রচণ্ড গরমে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় একসঙ্গে সব ফিডার চালু রাখা সম্ভব হচ্ছে না। বিদ্যুতের ঘাটতির কারণে পর্যায়ক্রমে লোডশেডিং দিতে হচ্ছে, যা সারা দেশেই কমবেশি হচ্ছে।
অন্যদিকে শিবচর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার অভিলাষ চন্দ্র পাল বলেন, সব ফিডার একসঙ্গে চালু রাখা যায় না। তাই কিছু কিছু ফিডার বন্ধ রেখে পর্যায়ক্রমে লোডশেডিং দিয়ে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন