অবিভক্ত বাংলার জাতীয় নেতা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আয়োজিত আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘শেরেবাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন রূপালী বাংলাদেশের সাংবাদিক নাজমুল হুদা নয়ন।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৫টায় ঢাকার কেন্দ্রীয় কচিকাঁচার মেলা অডিটোরিয়ামে ‘শেরেবাংলার কর্মময় জীবন’ শীর্ষক আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে গুণীজনদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে আয়োজকরা জানান, বগুড়ার শেরপুর উপজেলার রূপালী বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকারী নাজমুল হুদা নয়নকে গণমাধ্যমে সক্রিয় ভূমিকা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সামাজিক দায়বদ্ধতায় উল্লেখযোগ্য অবদানের জন্য এ সম্মাননা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. মো. আবু তারিক, যিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে কর্মরত।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ড. সুকোমল বড়ুয়া, যিনি একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা।
বিশেষ অতিথি ছিলেন ড. শেখ আসিফ এস. মিজান, ড. হামিদা খানম এবং ডা. নাজমা বেগম নাজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ মার্গুব মোর্শেদ, যিনি সাবেক তথ্য সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সাবেক চেয়ারম্যান।
আয়োজক প্রতিষ্ঠান শেরেবাংলা এ কে ফজলুল হক স্মৃতি পরিষদের মহাসচিব এম. এইচ আরমান চৌধুরী জানান, অর্থনীতি, উদ্যোক্তা, সাহিত্য, শিক্ষা, সাংবাদিকতা, সমাজসেবা, সংস্কৃতি, চিকিৎসা ও মানবিক কর্মকাণ্ডসহ প্রায় ২০টি ক্যাটাগরিতে দেশের বিভিন্ন সফল ব্যক্তিত্বকে এ বছর সম্মাননা প্রদান করা হয়েছে।
সম্মাননা পাওয়ার পর প্রতিক্রিয়ায় নাজমুল হুদা নয়ন বলেন, ‘এই স্বীকৃতি আমার সাংবাদিকতা জীবনের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে মানুষের আস্থা ধরে রাখতে চাই।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন