মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক অজ্ঞাত নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার শ্রীনগর ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকামুখী একটি পরিবহনের বাস থেকে নেমে ওই নারী রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, শ্রীনগর ফায়ার স্টেশনের সেন্ট্রি পোস্টে দুর্ঘটনার খবর পেয়ে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার জন্য মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার আনুমানিক বয়স ৩২ বছর। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন, নগদ এক হাজার টাকা ও একটি ব্যাগ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে।
হাইওয়ে পুলিশ নিহত নারীর পরিচয় শনাক্ত ও দুর্ঘটনার বিষয়ে তদন্ত করছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন