ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

তারেক রহমানকে মিথ্যুক বললেন জামায়াতের নায়েবে আমির

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৮:১৬ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ‘একজন নেতা বলছেন, তারা দেশ থেকে পালায় না। যিনি ১৭ বছর দেশের বাইরে থেকে আবার দেশে আসলেন, তার মুখে এসব কথা শোভা পায় না। তিনি মিথ্যুক, অসত্য কথা বলেছেন। যিনি ক্ষমতায় যাওয়ার আগে অসৎ কথা বলেন, তিনি ক্ষমতায় গেলে যে ওয়াদা করছেন তার একটিও ওয়াদা পালন করবেন না। অথচ জামায়াতে ইসলামী কোনো নেতা মৃত্যুর ভয়ে দেশ থেকে পালিয়ে যায়নি। বরং হাসিমুখে ফাঁসির মঞ্চে গিয়েছেন। নিজে সুখে থাকার জন্য বিদেশে থাকার চেষ্টা করেননি।’

সোমবার (২ ফেব্রুয়ারি) নীলফামারী জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে নীলফামারী-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আল-ফারুক আব্দুল লতিফের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতের দুর্নীতি করার অভিজ্ঞতা নেই মন্তব্য করে তিনি বলেন, ‘ওই দলের নেতা বলে বেড়াচ্ছেন তাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে, জামায়াতের অভিজ্ঞতা নেই। হ্যাঁ, আমাদের অভিজ্ঞতা নেই, কিন্তু সেটি হলো দুর্নীতি করার অভিজ্ঞতা নয়।’

তিনি আরও বলেন, ‘২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত আমাদের দুই জন মন্ত্রী তিনটি মন্ত্রণালয় পরিচালনা করেছেন। সকল মন্ত্রণালয়ে দুর্নীতি হয়েছে, কিন্তু এই তিনটি মন্ত্রণালয়ে একটি টাকারও দুর্নীতি প্রমাণ করা যায়নি। এ ছাড়া এই দুই মন্ত্রী যেমন যোগ্য ছিলেন, তেমনি সততার সঙ্গে মন্ত্রণালয় পরিচালনা করে প্রমাণ করেছেন যে দুর্নীতি না করে মন্ত্রণালয়কে কত সুন্দরভাবে পরিচালনা করা যায়। আমরা যদি দেশ সেবার সুযোগ পাই, দেশকে শতভাগ দুর্নীতিমুক্ত করতে পারব, ইনশাআল্লাহ।’

জামায়াতকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা বিগত ৫৪ বছরে নৌকা, ধানের শীষ, লাঙ্গল প্রতীকের ভোট দেখেছেন। কিন্তু দাঁড়িপাল্লার লোকদের কখনো ক্ষমতায় দেখেননি। এবার একবার দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে দেখুন আমরা কোনো পরিবর্তন করতে পারি কি না।’

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেন, ‘একটি দল বুকে পাথর চাপা দিয়ে হ্যাঁ-এর পক্ষে কিছু বলছে। কিন্তু তাদের কেন্দ্র এক কথাই বলছে। তৃণমূল এখনো বিভিন্নভাবে হ্যাঁ-এর পক্ষে প্রচারণা চালাচ্ছে না। আমরা আপনাদের অনুরোধ করব, আপনারা হ্যাঁ-এর পক্ষে অবস্থান নিন।’

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে সাদিক কায়েম বলেন, ‘আমরা এখন দেখতে পাচ্ছি, আরেকটি দলের নেতা অভ্যুত্থানের দেড় বছর পর এসেছে এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে। কিন্তু আমরা কাকে বিশ্বাস করব? ইতোমধ্যে যা করেছে তাকে, নাকি এতদিন আমাদের সঙ্গে না থাকা ব্যক্তিকে? এখন এসে ভুয়া জিনিসের কথা বলছে, সেটাকে আমরা বিশ্বাস করব না।’

তিনি আরও বলেন, ‘জুলাই বিপ্লব-পরবর্তী গত দেড় বছরে ওই দলের ৫০০ দিনের আমলনামা নামে একটি বই প্রকাশ হয়েছে। তারা নিজেদের মধ্যে অন্তঃকোন্দল করছে। নিজেদের মধ্যে অন্তঃকোন্দলে ২০০ নেতাকে হত্যা করেছে। যেই দলের হাতে নিজেদের নেতাকর্মীরাও নিরাপদ নয়, সেই দলের হাতে রাষ্ট্র কীভাবে নিরাপদ থাকতে পারে?’

নীলফামারী শহর জামায়াতের আমির ও নীলফামারী-২ আসনের পরিচালক অধ্যাপক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এবং শহর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশীদ পাটোয়ারীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, ডাকসু ভিপি সাদিক কায়েম, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট আল-ফারুক আব্দুল লতিফ।