নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত দুই দিনে রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টায় সংশ্লিষ্ট থানার ওসিরা বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন—সোনাইমুড়ী থানার দুজন, সেনবাগ থানার একজন, বেগমগঞ্জ মডেল থানার তিনজন, সুধারাম মডেল থানার দুজন, কবিরহাট থানার দুজন, কোম্পানীগঞ্জ থানার দুজন, চরজব্বর থানার দুজন ও হাতিয়া থানার দুজন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতা রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার প্রতিটি উপজেলায় কঠোর নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এসব অভিযান দেশের বিভিন্ন জেলায় চলমান ‘ডেভিল হান্ট অপারেশন ফেজ-২’-এর অংশ।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল পর্যন্ত গত ৪৮ ঘণ্টায় এসব নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
সেনবাগ থানার ওসি মোহাম্মদ আবুল বাশার জানান, ‘ডেভিল হান্ট অপারেশন ফেজ-২’-এর অংশ হিসেবে সেনবাগ থানা এলাকায় গত ৪৮ ঘণ্টায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি অর্জুনতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন পাটোয়ারী।
বেগমগঞ্জ মডেল থানার ওসি আ. বারী বলেন, গত ৪৮ ঘণ্টায় আমরা আওয়ামী লীগের সক্রিয় তিন কর্মী-সমর্থককে গ্রেপ্তার করেছি। এ ছাড়া বিভিন্ন মামলায় আটজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, ‘গত ৪৮ ঘণ্টায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আওয়ামী লীগের সক্রিয় কর্মী-সমর্থক। এর আগেও দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’
চরজব্বর থানা পুলিশের ওসি মো. লুৎফুর রহমান বলেন, ‘ডেভিল হান্ট অপারেশন ফেজ-২’-এর অংশ হিসেবে হাতিয়া থানা এলাকায় গত ৪৮ ঘণ্টায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিদিনই এমন অভিযান পরিচালিত হচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।’


