ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নোয়াখালীতে বিএনপির নির্বাচনি অফিসে অগ্নিসংযোগ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ১২:৪৭ পিএম
একটি নির্বাচনি ক্যাম্প ও একটি সাইকেলের দোকান পুড়ে গেছে। ছবি : রূপালী বাংলাদেশ

নোয়াখালী-৩ আসনের বেগমগঞ্জ উপজেলায় বিএনপির একটি নির্বাচনি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) ভোররাতের দিকে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাকিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নোয়াখালী জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক রনি কুমার দাস বলেন, ভোরের দিকে উপজেলার বাকিপুর গ্রামে বিএনপির নির্বাচনি কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা প্রথমে ককটেল বিস্ফোরণ করে। এরপর তারা বিএনপির নির্বাচনি অফিসে আগুন ধরিয়ে দেয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পাশের একটি সাইকেল দোকান ও একটি কৃষি উপকরণের দোকান পুড়ে ছাই হয়ে যায়।  

এ ঘটনায় কেউ হতাহত হয়নি। একটি দল নির্বাচনকে প্রতিহত করতে এ ঘটনা ঘটিয়েছে। ঘটনার খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। 

বিএনপির নেতাকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বেগমগঞ্জ থানার ওসি মো. শামসুজ্জামান বলেন, অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে একটি নির্বাচনি ক্যাম্প ও একটি সাইকেলের দোকান পুড়ে গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।