ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সুবর্ণচরে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের সাবেক নেতা

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৪:১০ এএম
ফুলের মালা দিয়ে বরণ করে নেন বিএনপির নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নেতা মাওলানা মো. ইউসুফ বিএনপিতে যোগদান করেছেন। 

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগ দেন। এ উপলক্ষে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন দলীয় নেতাকর্মীরা।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

মাওলানা মো. ইউসুফ সুবর্ণচর উপজেলার আমানউল্লাহ ইউনিয়নের কাটাবুনিয়া ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

যোগদান অনুষ্ঠানে বক্তব্যে মাওলানা মো. ইউসুফ বলেন, জামায়াতে ইসলামীর আদর্শ ও রাজনৈতিক অবস্থানে পরিবর্তন এসেছে। তার ভাষ্য অনুযায়ী, ৫ আগস্টের পর ক্ষমতার রাজনীতির জন্য যে পরিবর্তন আনা হয়েছে, তা তিনি মেনে নিতে পারেননি। 

তিনি বলেন, একটি ইসলামী দল হিসেবে জামায়াত শরিয়াহভিত্তিক রাষ্ট্র পরিচালনার কথা স্পষ্টভাবে বলছে না, অথচ ক্ষমতায় যেতে আগ্রহী। এসব কারণেই তিনি জামায়াতে ইসলামি ত্যাগ করে বিএনপিতে যোগদান করেছেন।

এ বিষয়ে সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুল বলেন, দেশ ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে বিএনপি সব সময় উদার ও গণতান্ত্রিক শক্তিকে স্বাগত জানায়। মাওলানা মো. ইউসুফের মতো রাজনৈতিকভাবে সচেতন একজন নেতার বিএনপিতে যোগদান দলকে আরও শক্তিশালী করবে বলে তিনি আশা প্রকাশ করেন।