নোয়াখালীর বেগমগঞ্জে দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারে বিএনপি কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে জামায়াত-এনসিপির সাত নেতাকর্মী আহত হয়েছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে আলাইয়ারপুর ইউনিয়নের কাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন—এনসিপির জেলা জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক হাবিব উল্লাহ (২৭), দাঁড়িপাল্লার কর্মী জাহিদ (১৯), হৃদয় (২৭), অনিক (১৯), অপূর্ব (১৯) , সাইফ (১৮) ও নজরুল ইসলাম সাগর (২৫)।
জানা গেছে, আহত এনসিপি কর্মী জাহিদকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
অভিযোগ করে বেগমগঞ্জ উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি জাকির হোসেন বলেন, বিকেলে দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারকালে বিএনপির কর্মীরা দেশি অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায়।
এ বিষয়ে বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস গণমাধ্যমকে বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। খোঁজ নিয়ে পরে জানানো হবে।’
বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. শামসুজ্জামান গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জামায়াতের পক্ষ থেকে অভিযোগ দেওয়ার কথা রয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।


