ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘স্বাধীনতা-পরবর্তী জনপ্রতিনিধিরা জনগণের মনের ভাষা বুঝতে ব্যর্থ হয়েছেন’

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৭:৩৬ পিএম
নোয়াখালী-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মো. ফিরোজ আলম মাসুদ। ছবি- রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মো. ফিরোজ আলম মাসুদ বলেছেন, এই এলাকার জনগণ পরিবর্তন প্রত্যাশী। স্বাধীনতার পর জনগণ যাদেরই নিজেদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছেন, তারা জনগণের মনের ভাষা বুঝতে বরাবরই ব্যর্থ হয়েছেন। প্রতিবারই সংসদ সদস্যরা জনপ্রত্যাশাকে উপেক্ষা করে নিজেদের এবং দলীয় স্বার্থকেই প্রাধান্য দিয়েছেন, যার কারণে এই এলাকার আশানুরূপ উন্নয়নের বদলে নেতারা আঙুল ফুলে কলাগাছ নয়, বটগাছে পরিণত হয়েছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালী জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর-সুবর্ণচর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা ফিরোজ আলম মাসুদ আরও বলেন, নোয়াখালী সদর-সুবর্ণচরের রাস্তা-ঘাটের যে বেহাল দশা, তাতে মনে হয় না এই আসনের অবকাঠামো উন্নয়নে কোনো সরকারি বাজেট ছিল। অথচ এই আসনের অবকাঠামো উন্নয়নে বরাবরই জনগণের কষ্টার্জিত বাজেটের ধারা অব্যাহত ছিল। এই আসনের জনগণ যদি আমাকে তাদের সেবা করার সুযোগ দেন তাহলে অবকাঠামোতে টেকসই উন্নয়ন দৃশ্যমান করা হবে। যুবকদের বেকার সমস্যা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। শিক্ষা ও স্বাস্থ্য খাতকে জনপ্রত্যাশা অনুযায়ী সাজানো হবে। মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজব্যবস্থা গড়ে তোলা হবে।

ফিরোজ আলম বলেন, তিনি ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে ইসলামী শরিয়াহর আদলে একটি জনকল্যাণমুখী সমাজ বিনির্মাণের স্বপ্ন নিয়ে যেখানেই যাচ্ছেন, সেখানেই মানুষের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা পাচ্ছেন। তিনি প্রত্যাশা করেন, আগামী ১২ ফেব্রুয়ারি নোয়াখালী সদর-সুবর্ণচরের জনগণ ইসলামের পক্ষে এবং ইসলামি শরিয়াহর পক্ষে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করবেন।

নির্বাচনি জনসভায় নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুহাম্মদ আব্দুল মুকিতের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা কাউসার আহমদ, মাওলানা মোদ্দাছির হোসাইন, মাওলানা সালাহউদ্দিন, মাওলানা খালেদ সাইফুল্লাহ, মাওলানা ইসরাফিল ও ছাত্রনেতা সাইফুল ইসলাম প্রমুখ।