ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভাঙ্গুড়ায় খালেদা জিয়ার গায়েবানা জানাজা, মাগফিরাত কামনা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ০৭:৫০ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

পাবনার ভাঙ্গুড়ায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বাদ আছর ভাঙ্গুড়া উপজেলার সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আল্লাহর দরবারে ধৈর্য ধারণের তৌফিক কামনা করা হয়। এ সময় উপস্থিত মুসল্লিরা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন।

ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিএনপি, জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের শত শত নেতাকর্মী, সামাজিক ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক মুসল্লি জানাজায় অংশ নেন। এ সময় পুরো এলাকা এক আবেগঘন পরিবেশে পরিণত হয় শোক ও ভালোবাসার এক মিলনমেলায়।

এর আগে মসজিদ, মন্দিরসহ বিভিন্ন স্থানে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

গায়েবানা জানাজার নামাজ পরিচালনা করেন পাবনা-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ও পাবনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী তারবিয়ত সেক্রেটারি অধ্যাপক মাওলানা আলী আসগর।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন দেশনেত্রী ‘আপসহীন’ খ্যাত বেগম খালেদা জিয়া। সর্বশেষ গত ২৩ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন। দেশি-বিদেশি চিকিৎসকরা তার চিকিৎসায় নিয়োজিত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।