সবকিছু ঠিকঠাক। আগামীকাল (২৩ মার্চ) বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু এর একদিন আগেই সড়কে প্রাণ গেল ওই যুবকের। পুরো বিয়ের আমেজ শোকের ছায়ায় পরিণত হলো।
এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে রোববার (২২ মার্চ) সকাল ৮টার দিকে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের পাবনা মহাসড়কের গড়মাটি কলোনি সড়কে। এতে নিহত হয়েছেন জুলফিকার ইসলাম জিল্লু নামে এক যুবক।
নিহত জিল্লু দাশুড়িয়া নওদাপাড়া গ্রামের আনসারুল মুন্সির ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (২৩ মার্চ) তার বিয়ে হওয়ার কথা ছিল।
স্বজনরা জানান, বিয়ের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন ছিল। হঠাৎ এই মর্মান্তিক দুর্ঘটনায় তার মৃত্যুতে পরিবারে গভীর শোক নেমে এসেছে। আনন্দের মুহূর্তটি মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।


