পাবনার বেড়া উপজেলার কাজিরহাট এলাকায় দুইটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত বিপুল পরিমাণ ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে প্রতিষ্ঠান দুটির মালিকদের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জব্দকৃত ডিজেল সরকার নির্ধারিত মূল্যে খোলা বাজারে বিক্রি করা হয়। রোববার (২৬ এপ্রিল) দিনগত রাতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দার তথ্যের ভিত্তিতে বেড়া উপজেলার কাজিরহাট বাজারের আব্দুল কুদ্দুস ও আব্দুস সালামের ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।
অভিযানে আব্দুস সালামের প্রতিষ্ঠান থেকে ১,২০০ লিটার এবং আব্দুল কুদ্দুসের প্রতিষ্ঠান থেকে ৩,৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়।
পরে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোনাল্ড চাকমা প্রতিষ্ঠান দুটির মালিককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করেন। সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে জব্দকৃত ডিজেল সরকার নির্ধারিত মূল্যে খোলা বাজারে বিক্রি করা হয়।
এনএসআইর যুগ্ম-পরিচালক তৌফিক ইকবালের নির্দেশে উপপরিচালক এ বি এম লুৎফুল কবীরের তত্ত্বাবধানে সংস্থাটির সদস্যরা উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অভিযানে সহায়তা করেন।


