পঞ্চগড়ে পাথরবোঝাই ট্রাক ও থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে দুই নারীর মৃত্যু হয়েছে। এ সময় দুই শিশুসহ ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল ও ১ জনকে রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে জেলার বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের চন্দনবাড়ি বাজার এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত খইটালী বর্মণের (৫০) বাড়ি পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের চেপ্টিপাড়া এলাকায়। তিনি ওই গ্রামের ধীরেন্দ্রনাথ বর্মণের স্ত্রী। অপরজন অজ্ঞাত পরিচয় নারী (৫৫)।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, দেবীগঞ্জ উপজেলার শহর থেকে যাত্রীসহ একটি থ্রি হুইলার বোদা উপজেলা শহরের দিকে আসছিল। এসময় থ্রি হুইলারটি বোদা উপজেলার চন্দনবাড়ি বাজার এলাকায় পৌঁছলে ব্যাটারিচালিত ভ্যানকে পাশ কাটাতে গিয়ে বোদা থেকে দেবীগঞ্জগামী একটি পাথরবোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে ঘটনাস্থলে খইটালি বর্মণ নামে একজন নারীর ও হাসপাতালে নেওয়ার পর অজ্ঞাত পরিচয় এক নারীর মৃত্যু হয়। আর দুই শিশুসহ ছয়জন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
পরে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য পাঁচজনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল ও একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
এলাকাবাসী ট্রাকটিকে জব্দ করলেও চালক ও সহকারী পালিয়ে গেছেন।
বোদা থানার ওসি মো. সেলিম মালিক সড়ক দুর্ঘটনার দুই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


