পটুয়াখালীর দুমকিতে পূর্ব শত্রুতার জেরে এক সেনাবাহিনীর সদস্য ও তার মাকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী মিনারা বেগম (৫৫) দুমকি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যায় দুমকি থানাধীন মুরাদিয়া ইউনিয়নের চরচরবাড়ী এলাকার ৭ নম্বর ওয়ার্ডের মীরা বাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন: পুলিশের এসআই সৈয়দ দেলোয়ার হোসেন (৪০), বর্তমানে পিবিআই নারায়ণগঞ্জে কর্মরত; পুলিশ কনস্টেবল সৈয়দ মোশারফ হোসেন (৪৫), বর্তমানে ঢাকা নিউমার্কেট থানায় কর্মরত; তাদের ভাই সাহেব আলী (৬০) এবং দুই ভাতিজা হিরু (৪০) ও হাসান (৩৫)।
ভুক্তভোগী মিনারা বেগম অভিযোগে উল্লেখ করেন, তিনি একজন গৃহিণী এবং তার ছেলে জুয়েল রানা (২৮) বাংলাদেশ সেনাবাহিনীর একজন সৈনিক। ঘটনার দিন অভিযুক্তরা তার বসতঘরের সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। তিনি এতে বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে। একপর্যায়ে পুনরায় হামলা চালিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়।
এ সময় তার ছেলে জুয়েল রানা মাকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এতে মা ও ছেলে উভয়ই গুরুতর আহত হন।
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বরিশাল সেনানিবাস সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মিনারা বেগম সিএমএইচ-এর আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে দুমকি থানার ওসি মো. সেলিম উদ্দিন বলেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন