ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পটুয়াখালীতে ৩ জনের মনোনয়ন বাতিল

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ০৭:৪৩ পিএম
মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম। ছবি- রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালীর চারটি আসনে মনোনয়নপত্র দাখিল করেন মোট ২৭ জন প্রার্থী। যাচাই-বাছাই শেষে ঋণখেলাপি ও ১ শতাংশ ভোটার স্বাক্ষরে গড়মিল থাকায় তিন জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এতে চার আসনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জন।

বুধবার (১ জানুয়ারি) পটুয়াখালী জেলা প্রশাসকের দরবার হলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি): এ আসনে মনোনয়নপত্র দাখিল করেন ৯ জন প্রার্থী। যাচাই-বাছাইয়ে স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন মঞ্জুর মনোনয়নপত্রে ১ শতাংশ ভোটার স্বাক্ষরে গড়মিল ও ঋণখেলাপি থাকায় তা বাতিল করা হয়। ফলে এ আসনে বৈধ প্রার্থী হয়েছেন ৮ জন।

বৈধ প্রার্থীরা হলেন: কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কমিটির আমির অ্যাডভোকেট মো. নাজমুল আহসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ফিরোজ আলম, আমার বাংলাদেশ (এবি) পার্টির মোহাম্মদ আব্দুল ওহাব মিনার, গণঅধিকার পরিষদের মো. শহিদুল ইসলাম ফাহিম, গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মনোনীত বাংলাদেশ জাসদের গৌতম চন্দ্র শীল, বাংলাদেশ খেলাফত মজলিশের মোহাম্মদ সাইয়েদুর রহমান এবং জাতীয় পার্টির আ. মান্নান হাওলাদার।

পটুয়াখালী-২ (বাউফল): এ আসনে মনোনয়নপত্র দাখিলকারী ছয় জন প্রার্থীর মনোনয়নই বৈধ ঘোষণা করা হয়েছে।

বৈধ প্রার্থীরা হলেন: বিএনপির মো. শহিদুল আলম তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মালেক হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ড. মো. শফিকুল ইসলাম মাসুদ, বাংলাদেশ খেলাফত মজলিশের মুহাম্মদ আইয়ুব, গণঅধিকার পরিষদের মো. হাবিবুর রহমান এবং আমার বাংলাদেশ (এবি) পার্টির রুহুল আমিন।

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা): এ আসনে মনোনয়নপত্র দাখিল করেন ৮ জন প্রার্থী। যাচাই-বাছাইয়ে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান বাবু ও এস. এম. ফজলুল হকের মনোনয়নপত্রে ১ শতাংশ ভোটার স্বাক্ষরে গড়মিল পাওয়ায় তাদের মনোনয়ন বাতিল করা হয়।

এ আসনে বৈধ প্রার্থী হয়েছেন ৬ জন। তারা হলেন: ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবু বক্কর ছিদ্দিকী, স্বতন্ত্র প্রার্থী (সাবেক বিএনপি নেতা) মো. হাসান মামুন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মো. নুরুল হক নুর, গণঅধিকার পরিষদের মো. শহিদুল ইসলাম ফাহিম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মদ শাহ আলম এবং বাংলাদেশ খেলাফত মজলিশের মো. দেলোয়ার হোসেন।

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) এ আসনে মনোনয়নপত্র দাখিলকারী পাঁচ জন প্রার্থীর সকলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

বৈধ প্রার্থীরা হলেন: বিএনপির কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিশের ডা. জহির উদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ আবদুল কাইউম এবং গণঅধিকার পরিষদের মো. রবিউল হাসান।