ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শ্বশুরবাড়িতে বেড়াতে এসে স্ত্রীকে হত্যা, পালালেন স্বামী

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ১২:৩৪ পিএম
নিহত গৃহবধূ কুলসুম। ছবি : রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর মির্জাগঞ্জে পারিবারিক কলহের জেরে কুলসুম আক্তার (২৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। 

রোববার (৪ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

​ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী সাইমন (২৫) পলাতক রয়েছেন। সাইমন কুমিল্লার সদর দক্ষিণ থানার চাষাপাড়া এলাকার মো. কামাল উদ্দিনের ছেলে। নিহত কুলসুম দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের আনসার গাজীর মেয়ে।



​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে ওই গৃহবধূ তার বাবার বাড়িতে বেড়াতে আসেন। গত শনিবার (৩ জানুয়ারি) তার স্বামী সেখানে আসেন। ঘটনার দিন, রাতে তারা ঘরের দোতলায় অবস্থান করছিলেন। দীর্ঘ সময় তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন ওপরে গিয়ে দেখেন কুলসুমের নিথর দেহ পড়ে আছে এবং সাইমন সেখান থেকে উধাও।

​প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। লাশের পাশে পড়ে থাকা একটি ওড়না দিয়ে শ্বাসরোধ করে কুলসুমকে হত্যা করা হয়েছে। ঘাড়ে দাগ ও রক্তের আলামত রয়েছে।

​স্বজনরা জানান, সাইমনের সঙ্গে এটি কুলসুমের দ্বিতীয় বিয়ে। কুলসুমের ৪ বছর বয়সি একটি ছেলে রয়েছে।

​মির্জাগঞ্জ থানার ওসি মো. আব্দুস সালাম বলেন, মৃত্যু নিশ্চিত করেই হত্যাকারী পালিয়ে গেছে। ঘাতক সাইমনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।