× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০২:২৮ পিএম

জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০২:২৮ পিএম

পটুয়াখালীর বাউফলে সংবাদ সম্মেলন জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের। ছবি : রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর বাউফলে সংবাদ সম্মেলন জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের। ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন, উসকানিমূলক বক্তব্য এবং জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে পটুয়াখালীর বাউফলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় বাউফল পৌর শহরের নাজিরপুর বাংলাবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক অধ্যাপক খালিদুর রহমান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ সুষ্ঠু ভোট প্রদানের মাধ্যমে আগামী পাঁচ বছরের জন্য তাদের নেতৃত্ব নির্বাচন করবে। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, বিএনপি প্রার্থী বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন এবং জামায়াত প্রার্থী ও জুলাই শহীদ পরিবারের সদস্যদের নিয়ে মানহানিকর ও ইঙ্গিতপূর্ণ হুমকি প্রদান করছেন।

তিনি আরও অভিযোগ করেন, চন্দ্রদ্বীপসহ বাউফলের বিভিন্ন স্থানে জামায়াত কর্মীদের মারধর, হুমকি-ধামকি, কর্মসূচিতে বাধাদান ও হামলা চালানো হচ্ছে। এ ছাড়া এসব ঘটনার প্রত্যক্ষদর্শীদের দোকানে চাঁদা দাবি, চাঁদা না দেওয়ায় দোকানে হামলা, লুটপাট এবং দোকানিকে হত্যার উদ্দেশ্যে আক্রমণের অভিযোগ রয়েছে। এমনকি এসব ঘটনায় দায়ের করা মামলার সাক্ষীকে চন্দ্রদ্বীপ খেয়াঘাটে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাতের ঘটনাও ঘটেছে।

অধ্যাপক খালিদুর রহমান বলেন, এসব ঘটনা নির্বাচনের সুষ্ঠু ও সুন্দর পরিবেশকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করছে এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অঙ্গীকারকে প্রশ্নবিদ্ধ করছে। তিনি এসব ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তিনি প্রশাসনের প্রতি আরও নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালনের আহ্বান জানান এবং নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরির লক্ষ্যে কয়েকটি দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—চন্দ্রদ্বীপে পুলিশ ক্যাম্প স্থাপন, সেনাবাহিনীর নিয়মিত টহল বৃদ্ধি, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার, সন্ত্রাসী কার্যক্রমের সুষ্ঠু প্রতিকার ও প্রতিরোধ, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম জোরদার, নারীদের হেনস্তা প্রতিরোধে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং অবাধ, সুষ্ঠু ও ভয়হীন নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসাহাক, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, আইন উপদেষ্টা অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, ছাত্রশিবির জেলা সভাপতি রাকিবুল ইসলাম নূর, উপজেলা সভাপতি লিমন হোসেনসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Link copied!