ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফুফাতো ভাইয়ের বিরুদ্ধে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনের অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ১০:৩৩ এএম
ছবি : রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর দুমকিতে ফুফাতো ভাই কর্তৃক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের মাধ্যমে ৬ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তালুকদার বাজার এলাকায় ঘটে।

পুলিশ জানায়, এ পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তালুকদার বাজার এলাকার দিনমজুর আজিম খানের বড় মেয়ে, বুদ্ধি প্রতিবন্ধী আখিনুর আক্তার (১৮), একই ইউনিয়নের তালতলী এলাকার আব্দুস সালামের ছেলে সাইফুল ইসলামের ফুফাতো ও মামাতো বোন। আত্মীয়তার সুবাদে সাইফুল প্রায়ই আখিনুরদের বাড়িতে আসা-যাওয়া করতেন।

সূত্র জানায়, আখিনুরের মা মানুষের বাসায় কাজ করেন এবং বাবা দিনমজুর হওয়ায় আখিনুর প্রায়ই একা থাকতেন। অভিযোগ অনুযায়ী, সাইফুল বিয়ের প্রলোভন দেখিয়ে আখিনুরের সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন, যার ফলে আখিনুর অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। অভিযুক্ত বিষয়টি কাউকে না জানানোর জন্য নিষেধ করেন।

কিছু মাস পর আখিনুরের শারীরিক পরিবর্তন দেখা দিলে বিষয়টি প্রকাশ্যে আসে। অভিযোগে বলা হয়, সাইফুল পুরো বিষয়টি অস্বীকার করেন। স্থানীয় চৌকিদার ও ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি নিয়ে অবগত থাকলেও, আখিনুরের অসচ্ছল পরিবার বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন।

ভিকটিম আখিনুর আক্তার বলেন, সাইফুল আমাকে বিয়ে করবে বলে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। এখন আমি চাই, আমার সন্তানের স্বীকৃতি দিতে হবে।

আখিনুরের মা কহিনুর বেগম বলেন, আমরা গরীব। আমি এলাকার সবাইকে জানিয়েছি, কিন্তু কেউ পদক্ষেপ নিচ্ছে না।

অভিযুক্ত সাইফুল ইসলাম বিষয়টি অস্বীকার করে বলেন, আমি এসব বিষয়ে কিছুই জানি না। আমাকে ফাঁসানোর জন্য এসব করা হচ্ছে।

দুমকি থানার ওসি মোঃ সেলিম জানান, এ পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।